ব্রেকিং নিউজ
পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেবায় যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে ক্রয়াদেশ স্থানান্তরের অভিযোগ, বড় সুবিধাভোগী ভারত বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতার ধাক্কা, কয়েক শ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ড গোদাগাড়ীতে ১১০ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা বাবা মেয়ে, গ্রেপ্তার ৪ হেফাজতের বিক্ষোভে বন্ধ তাহেরীর মাহফিল, অনুমতি দেয়নি প্রশাসন
×

শংকর চন্দ্র সরকার-নেত্রকোনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৭/১১/২০২৬, ৮:৫৩:১৬ PM

নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা বাবা-মেয়ে, গ্রেপ্তার ৪

নেত্রকোনায় জাল জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ভুয়া নথি তৈরি করে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়েছেন এক রোহিঙ্গা তরুণী ও তার বাবা। এ ঘটনায় তাদের সহযোগিতার অভিযোগে দুই স্থানীয় দালালকে আটক করেছে পুলিশ।

নেত্রকোনায় জাল জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ভুয়া নথি তৈরি করে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়েছেন এক রোহিঙ্গা তরুণী ও তার বাবা। এ ঘটনায় তাদের সহযোগিতার অভিযোগে দুই স্থানীয় দালালকে আটক করেছে পুলিশ। পাশাপাশি জন্মনিবন্ধন জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে তিন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গ্রেপ্তার দেখিয়ে আটক চারজনকে আদালতে পাঠানো হয়েছে।পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নেত্রকোনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করতে গিয়ে তারা ধরা পড়েন।আটক রোহিঙ্গা তরুণীর নাম কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯) এবং তার বাবা রশিদউল্লাহ ওরফে বদিউল আলম (৪০)। তাদের সহযোগিতার অভিযোগে আটক দুই ব্যক্তি হলেন পূর্বধলার পাটলি গ্রামের আব্দুল জলিল (৪২) ও ইলাশপুর গ্রামের মো. আজিজুল (৩০)।

মামলার এজাহারে নাম থাকা অন্য আসামিরা হলেন পূর্বধলার আগিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মিঠুন চন্দ্র দাস (৪০) ও জয় ঘোষ (২৮) এবং পূর্বধলা সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হুমায়ুন কবির (৩০)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাউসার বিবি ও তার বাবা রশিদউল্লাহ বেশ কিছুদিন আগে টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তারা কক্সবাজারের একটি রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করেন। প্রায় দুই মাস আগে পূর্বধলার আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামের আব্দুল জলিলের বাড়িতে আশ্রয় নেন তারা।অভিযোগ রয়েছে, আব্দুল জলিল ও আজিজুলের সহযোগিতায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের তিন উদ্যোক্তাকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে বাবা-মেয়ের নামে জাল কাগজপত্র তৈরি করা হয়।

গত ১৭ সেপ্টেম্বর কাউসার বিবি নিজের প্রকৃত পরিচয় গোপন করে শাহারা খাতুন নামে আগিয়া ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন সংগ্রহ করেন। ওই জন্মনিবন্ধনে বাবার নাম মোহাম্মদ বদিউল আলম এবং মায়ের নাম মরিয়ম আক্তার উল্লেখ করা হয়। জন্মতারিখ দেওয়া হয় ২০০৭ সালের ১০ মার্চ। ঠিকানা হিসেবে ব্যবহার করা হয় আগিয়া ইউনিয়নের ঠিকানা।অন্যদিকে, কাউসারের বাবা রশিদউল্লাহ নিজের নাম পরিবর্তন করে মোহাম্মদ বদিউল আলম এবং স্ত্রীর নাম পরিবর্তন করে মরিয়ম আক্তার পরিচয়ে বিভিন্ন নথি তৈরি করেন। এসব নথির মধ্যে ছিল জাতীয় পরিচয়পত্র, বিদ্যুৎ বিলের রসিদ, নিকাহনামা ও এসএসসির নম্বরপত্রসহ বিভিন্ন কাগজপত্র।

জাল নথি দিয়ে পাসপোর্টের আবেদনএসব কাগজপত্র নিয়ে বৃহস্পতিবার দুপুরে বাবা-মেয়ে নেত্রকোনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করতে যান। তাদের কথাবার্তা ও জমা দেওয়া কাগজপত্র যাচাই করতে গিয়ে সন্দেহ হয় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলামের।পরে তিনি তাদের আটক করে বিষয়টি আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরীকে জানান। এ সময় তাদের সঙ্গে থাকা দুই দালালকেও আটক করা হয়।চেয়ারম্যান তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ, পরিচয় গোপন করে জাল নথি তৈরি এবং অর্থের বিনিময়ে জন্মনিবন্ধন সংগ্রহের বিষয়গুলো সামনে আসে। পরে ইউএনও তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনায় পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে মামলা করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২-এর ৪ ও ৫ ধারায় মামলা করা হয়েছে।আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী বলেন, পাসপোর্ট অফিসের কর্মকর্তার সন্দেহ হলে দুই রোহিঙ্গা ও তাদের সঙ্গে থাকা দুই দালালকে আটক করা হয়। পরে খবর পেয়ে তিনি তাদের ইউএনওর কার্যালয়ে নিয়ে যান। রোহিঙ্গারা নিজেদের পরিচয় গোপন করে স্থানীয় ব্যক্তিদের বাবা-মা পরিচয়ে দেখিয়ে জন্মনিবন্ধন তৈরি করেছেন। ইতোমধ্যে সার্ভার থেকে তাদের জন্মনিবন্ধন বাতিল করা হয়েছে। ভবিষ্যতে জন্মনিবন্ধন তৈরির ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা হবে।



পূর্বধলার ইউএনও মো. শফিকুল ইসলাম বলেন, জাল কাগজপত্র তৈরি করে জন্মনিবন্ধন নিয়ে রোহিঙ্গারা পাসপোর্ট করার চেষ্টা করছিলেন। পাসপোর্ট কর্মকর্তার সন্দেহ হলে তাদের আটক করা হয়। ইউপি চেয়ারম্যান তাদের কার্যালয়ে নিয়ে এলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ধরনের ঘটনা অন্য কোথাও ঘটছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, চারজনকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিন ইউডিসি উদ্যোক্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।